মুর্শিদাবাদে শিশুদের লক্ষ্য করে শিক্ষকের গুলি, জখম এক শিশু

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায় খেলার সময় বল বাড়িতে পড়ায় শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। ধৃত শিক্ষকের নাম সমীরকুমার মণ্ডল, যিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এই ঘটনায় এক শিশু জখম হয়ে বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর কাছ থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির সামনের মাঠে শিশুদের খেলাধুলো নিয়ে আপত্তি জানান ওই শিক্ষক। খেলার সময় বলটি তাঁর বাড়ির ভেতরে চলে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে এয়ারগান নিয়ে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমীরবাবু চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। প্রাণভয়ে শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করলেও একটি গুলি সরাসরি এক শিশুর হাতে লাগে।
পুলিশি জেরায় অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন যে, তিনি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলেন। তবে ঘটনার আকস্মিকতায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে দেখছে এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।