বিধানসভা অধিবেশনে খরা: রাজ্য সরকারকে বিঁধলেন স্পিকার, পালটা খোঁচা বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বিধানসভার অধিবেশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ২০২১ থেকে ২০২৬ সালের খতিয়ান তুলে ধরে তিনি আক্ষেপ করেন যে, গত পাঁচ বছরে মাত্র ১৬৬ দিন অধিবেশন চলেছে। এই পরিস্থিতির জন্য শাসক ও বিরোধী উভয় পক্ষকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। একদিকে বিরোধীদের বারংবার ওয়াক আউট করার প্রবণতাকে তিনি যেমন সমালোচনা করেছেন, অন্যদিকে অধিবেশন দীর্ঘায়িত না হওয়ার জন্য সরাসরি রাজ্য সরকারের সদিচ্ছার অভাবকেও দায়ী করেছেন।
স্পিকার স্পষ্ট জানান, পর্যাপ্ত বিল বা সরকারি কর্মসূচি (বিজনেস) না থাকলে বিধানসভা চালানো সম্ভব নয়। তাঁর মতে, বছরে অন্তত ৬০ দিন অধিবেশন হওয়া জরুরি হলেও পশ্চিমবঙ্গে তা ৪৫-৪৬ দিনের বেশি গড়াচ্ছে না। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সরকারের বিল না থাকলে আমি কী করব? সরকার বিজনেস দিলে তবেই অধিবেশন চলবে।” নতুন বিধায়কদের প্রস্তুতির অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্পিকারের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, কারণ পরোক্ষভাবে তিনি নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন।
স্পিকারের এই অবস্থানকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। দলীয় মুখপাত্র দেবজিৎ সরকার খোঁচা দিয়ে বলেন, রাজ্য সরকার চায় না বিরোধীরা জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে সরব হোক বা কোনো বিল নিয়ে গঠনমূলক আলোচনা চলুক। স্পিকারের এই ‘ভিন্ন সুর’ নিয়ে কটাক্ষ করে বিজেপি দাবি করেছে, শাসকদলের অভ্যন্তরীণ ফাটল এখন প্রকাশ্যে আসছে। বিরোধীদের মতে, সরকার পরিকল্পিতভাবেই বিধানসভার গুরুত্ব কমিয়ে দিচ্ছে যাতে তাদের ব্যর্থতা রেকর্ডে নথিভুক্ত না হয়। সব মিলিয়ে নির্বাচনের আগে বিধানসভার কার্যকারিতা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।