২৮ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ডিইও-দের সতর্কবার্তা সিইও-র

২৮ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ডিইও-দের সতর্কবার্তা সিইও-র

রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হতে চলেছে। প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে ফোনে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন রাজ্যের সিইও। হাইকোর্টের জুডিশিয়াল অফিসারের কাছে বিচারাধীন অমীমাংসিত নামগুলি বাদ দিয়েই এই তালিকা প্রকাশ করা হবে। বিতর্কিত বা অমিমাংসিত নামগুলি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন সিইও। সেখানে তিনি স্পষ্ট জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত অসঙ্গতি থাকা ১ কোটি ২০ লক্ষ নাম নিয়ে জটিলতা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। কাজে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে ডিইও-দের কড়া ভাষায় সতর্ক করেছেন তিনি। তবে স্ক্রুটিনির কাজের জন্য আধিকারিকরা আরও কয়েক দিন সময় চেয়েছেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ তারিখের তালিকাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে কারণ সেখানে প্রতিটি নাম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর অন্তর্ভুক্ত করা হচ্ছে। যে বিষয়গুলিতে মাইক্রো অবজারভার ও ইআরও-দের মধ্যে মতপার্থক্য রয়েছে, সেগুলি জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়ার জেরে ভোটারদের একাংশ ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *