বাংলা গান এখন গ্লোবাল! হলিউড-বলিউডকে টেক্কা দিয়ে শীর্ষে ফসিল্স ৭

বাংলা রক ব্যান্ডের দুনিয়ায় তিন দশক ধরে রাজত্ব করার পর ফের নতুন রেকর্ড গড়ল রূপম ইসলামের ‘ফসিল্স’। সদ্য মুক্তি পাওয়া অ্যালবাম ‘ফসিল্স ৭’ মিউজিক প্ল্যাটফর্মের তালিকায় হলিউড এবং বলিউডের বড় বড় মিউজিক রিলিজকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। শুধু তাই নয়, এই অ্যালবাম জিতে নিয়েছে ‘পিওর ইন্ডিয়ান রক এক্সেলেন্স’-এর খেতাব।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে রূপম ইসলাম স্পষ্ট জানালেন, তাঁর গানের সার্থকতা কেবল লিরিক্সে নয়, বরং আন্তর্জাতিক মানের যন্ত্রানুষঙ্গ ও প্রেজেন্টেশনে। রূপমের মতে, অনেকের কাছেই বাংলা একটি বিদেশি ভাষার মতো, কিন্তু ফসিল্সের মিউজিক সেই ভাষার গণ্ডি পেরিয়ে ভিন্নভাষী শ্রোতাদেরও মুগ্ধ করছে।
নিজের উত্তরসূরি প্রসঙ্গে রকস্টার জানান, তিনি নিজেকে এখনও তরুণ মনে করেন এবং ব্যান্ডের ব্যাটন এখনই অন্য কারও হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন না। তাঁর কথায়, “ফসিল্স ৭-এর উত্তরাধিকারী হবে ফসিল্স ৮।” গানের জটিলতা বা দর্শন নিয়ে সমালোচনার জবাবে রূপম বলেন, ফসিল্সের গান বুঝতে অনেকের সময় লাগে, কারণ তাঁদের মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এবং চিন্তাভাবনা গতানুগতিক ধারার বাইরে। বর্তমানে বাংলা ভাষার অবস্থা নিয়ে তিনি আশাবাদী এবং মনে করেন ‘বন্দিনী বাংলা ভাষা’র সেই কঠিন সময় তাঁরা পেরিয়ে এসেছেন।