টানা তিন ম্যাচে শূন্যের হ্যাটট্রিক করেও ভারতের ভরসা অভিষেক শর্মা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সুপার এইট পর্বে রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত সূর্যকুমার যাদবের দল। তবে দলের অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তরুণ ওপেনার অভিষেক শর্মার ফর্ম। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি, নামের পাশে জুড়েছে লজ্জার ‘শূন্যের হ্যাটট্রিক’।
কিন্তু ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও অভিষেকের ওপর থেকে আস্থা হারাননি কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং অফ-ফর্মে থাকা এই ব্যাটারকে মানসিকভাবে চাঙ্গা করতে এক অভিনব কৌশল নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রস্তুতির আগে অনুশীলনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য।
বিসিসিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্র্যাকটিস শুরুর আগে দলের ‘টিম হার্ডলে’ সতীর্থদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখছেন খোদ অভিষেক শর্মা। গম্ভীর ও সূর্যদের এই কৌশলের মূল লক্ষ্য ছিল অভিষেকের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। তবে অভিষেক যখন বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা ঈশান কিশনকে দেখা যায় মুখ টিপে হাসতে। অভিষেকের ‘পেপ টক’ শেষ হতেই হাসিতে ফেটে পড়েন দলের বাকি সদস্যরাও।
টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর যেখানে একজন ক্রিকেটারের মানসিকভাবে ভেঙে পড়ার কথা, সেখানে সতীর্থদের তাতানোর দায়িত্ব তাঁর কাঁধেই সঁপে দিয়ে গম্ভীর বুঝিয়ে দিলেন, দল এখনও তাঁর পাশেই আছে। তবে ক্রিকেটপ্রেমীদের একাংশ এই নিয়ে ট্রোল করতেও ছাড়েননি। তাঁদের প্রশ্ন, যিনি নিজেই রান পাচ্ছেন না, তিনি দলকে কীভাবে উজ্জীবিত করবেন? এখন দেখার বিষয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ‘পেপ টক’ অভিষেকের ব্যাটে রানের খরা কাটাতে পারে কি না।