শিয়ালদহ বনগাঁ শাখায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

শিয়ালদহ বনগাঁ শাখায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ। রেলের পাওয়ার ব্লকের রক্ষণাবেক্ষণ এবং পার্ক সার্কাসের পুরনো ফুটওভার ব্রিজ ভাঙার কাজের জন্য এই সপ্তাহান্তে বনগাঁ ও দক্ষিণ শাখায় ব্যাপক ট্রেন বিভ্রাটের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার ও রবিবার টানা ৯ ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

রেল সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ৪টি আপ এবং ৪টি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হলো— ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১ এবং ৩৩৮৬৩। একইভাবে ডাউনে ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮ এবং ৩৩৮৬০ লোকাল ট্রেনগুলি চলাচল করবে না। রবিবারও এই শাখায় একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিলের পাশাপাশি বারাসাত-বনগাঁ শাখাতেও ট্রেন বাতিল থাকছে।

বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা শর্ট টার্মিনেট করা হয়েছে। অধিকাংশ ট্রেন বনগাঁ পর্যন্ত না গিয়ে গোবরডাঙা স্টেশনে যাত্রা শেষ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩৩৮৫৭, ৩৩৮১২, ৩৩৮১১, ৩৩৮১৪ সহ আরও বেশ কিছু লোকাল। এছাড়া ৩০৩৪২ বনগাঁ-মাঝেরহাট লোকালটি রবিবার শুধুমাত্র বারাসাত পর্যন্ত আসবে।

মূলত পার্ক সার্কাস স্টেশনের বিপজ্জনক ফুটওভার ব্রিজটি সরিয়ে ফেলার জন্যই দক্ষিণ শাখাতেও পরিষেবায় কাটছাঁট করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। তবে সপ্তাহান্তের এই মেগা ব্লকের জেরে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানো যে বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *