সেলিমের অস্বস্তি বাড়িয়ে কি ঘাসফুলে প্রতীক? নেপথ্যে রহস্যময় সেই ‘টিউশন টিচার’

রাজ্য রাজনীতিতে এখন সবথেকে বড় চর্চার কেন্দ্রবিন্দু প্রতীক উর রহমান। সিপিএমের অন্দরে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভা নির্বাচনের মুখে যে শোরগোল তিনি ফেলে দিয়েছেন, তাতে কার্যত দিশেহারা আলিমুদ্দিন। কিন্তু এই গোটা চিত্রনাট্যের নেপথ্যে রয়েছেন একজন মাস্টারমাইন্ড। কার পরামর্শে কাস্তে-হাতুড়ি ছেড়ে জোড়াফুলের পথে হাঁটছেন এই সংখ্যালঘু যুবনেতা? সেই রহস্যময় ‘টিউশন টিচার’ কে, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।
বিদ্রোহী প্রতীকের মগজধোলাই এবং সেলিমের অস্বস্তি
সংগঠন এবং বাগ্মিতায় প্রতীক উর রহমান দলের সম্পদ হলেও, দীর্ঘ সময় ধরে তিনি কোণঠাসা ছিলেন বলে খবর। ঠিক সেই মুহূর্তেই তাঁর পাশে দেবদূতের মতো আবির্ভূত হন তাঁর ছোটবেলার এক শিক্ষক। সূত্রের খবর, এই প্রাক্তন গৃহশিক্ষকের মগজধোলাইয়েই দলবদল থেকে শুরু করে মিডিয়া ম্যানেজমেন্ট— সবটাই নিখুঁতভাবে করে চলেছেন প্রতীক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতীক ইস্যুতে খোদ মহম্মদ সেলিমকেও রীতিমতো ঢোক গিলতে হচ্ছে। দলের অন্দরেও সেলিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নিচুতলার কর্মীরা।
একই ঘরে একের পর এক এক্সক্লুসিভ! মাস্টারস্ট্রোক সেই শিক্ষকের
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীকের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে যোগদানের আগেই মিডিয়া হাইপ তৈরিতে ছক্কা হাঁকিয়েছেন তিনি। কোনো সাংবাদিক সম্মেলন না করে একটি ঘরের ভেতর থেকে প্রতিটি সংবাদমাধ্যমকে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন প্রতীক। বিষয়বস্তু এক হলেও প্রতিটি চ্যানেলের কাছে তা পৌঁছেছে ‘এক্সক্লুসিভ’ হিসেবে। এই সুকৌশলী মিডিয়া ম্যানেজমেন্টের পাঠ নাকি দিয়েছেন সেই গৃহশিক্ষকই।
পরবর্তী গন্তব্য আইপ্যাকের পরামর্শ?
রাজনৈতিক মহলের দাবি, সিপিএমের লাল ঝাণ্ডা ত্যাগের পর প্রতীকের পরবর্তী লক্ষ্য আইপ্যাকের স্ট্র্যাটেজি অনুযায়ী চলা। তবে যতক্ষণ না তিনি আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন, ততক্ষণ পর্দার আড়ালে থেকে খেল দেখাচ্ছেন সেই রহস্যময় শিক্ষক। এখন দেখার, এই নয়া সমীকরণ আসন্ন বিধানসভা নির্বাচনে বাম দুর্গে কতটা ধস নামাতে পারে।