এসআইআর জট কাটাতে নজিরবিহীন পদক্ষেপ সুপ্রিম কোর্টের! দুপুরে হাই কোর্টের প্রধান বিচারপতির জরুরি তলব

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া নজিরবিহীন আইনি জট কাটাতে এবার সরাসরি ময়দানে নামল বিচারবিভাগ। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ শনিবার দুপুরে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের। এছাড়াও নির্বাচন কমিশনের সিনিয়র আধিকারিক ও আইনি বিশেষজ্ঞরা এই বৈঠকে যোগ দেবেন।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ও বেনজির নির্দেশ
গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ এই মামলার শুনানিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে চলমান সংঘাত ও তথ্যগত অসঙ্গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত জানিয়েছে, এখন থেকে এসআইআর প্রক্রিয়ার তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার দায়িত্ব সামলাবেন বিচারবিভাগীয় আধিকারিকরা।
কীভাবে কাটবে এসআইআর জট
আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রতিটি জেলায় বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরাই যাবতীয় বিতর্কিত তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, এই আধিকারিকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং রাজ্য সরকারকে তা মেনে চলতে হবে।
ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে যতটুকু কাজ সম্পন্ন হবে, তার ভিত্তিতেই কমিশন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে। তবে সেটিকে চূড়ান্ত তালিকা বলা যাবে না; পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। আজকের বৈঠকে মূলত এই বিচারবিভাগীয় তদারকি প্রক্রিয়া কীভাবে শুরু হবে এবং রাজ্য ও কমিশন কীভাবে সমন্বয় রেখে কাজ করবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
বাংলার নির্বাচনী ইতিহাসে এমন বিচারবিভাগীয় হস্তক্ষেপ আগে কখনও দেখা যায়নি। এখন দেখার, আজকের এই হাই-প্রোফাইল বৈঠকের পর এসআইআর জট কতটা দ্রুত কাটে।