ভারত-ব্রাজিল দ্বিপাক্ষিক মৈত্রীতে শক্তিশালী হচ্ছে ‘গ্লোবাল সাউথ’

নয়াদিল্লিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি জানান, দুই গণতান্ত্রিক রাষ্ট্র একজোট হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। মোদী স্পষ্ট করেন যে, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বসংস্থাগুলোর সংস্কার ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান জরুরি।
সন্ত্রাসবাদ দমনে দুই দেশই একমত হয়েছে। পাশাপাশি কৃষি, প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত থেকে ব্রাজিলে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ এবং আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দুই রাষ্ট্রপ্রধান।
শনিবার রাষ্ট্রপতি ভবনে লুলা ডি সিলভাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৫ সালে মোদীর ব্রাজিল সফরের পর এই ফিরতি সফরটি দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাণিজ্য প্রসারে ব্রাজিলের এক প্রতিনিধিদলও এই সফরে প্রেসিডেন্টের সঙ্গী হয়েছেন।