সুকান্ত মজুমদারকে আইনি নোটিস প্রাক্তন ডিজি রাজীব কুমারের, সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি

রাজ্যের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজি) রাজীব কুমারের পক্ষ থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কড়া আইনি নোটিস পাঠানো হয়েছে। একটি ভিডিও বার্তায় রাজীব কুমারের বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগ তোলার দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে যে, ওই ভিডিওতে রাজীব কুমারকে নিয়ে ‘কুৎসিত’ মন্তব্য করে তাঁর দীর্ঘ পেশাদার জীবনের সততা ও ভাবমূর্তিকে জনসমক্ষে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।
আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায়ের মাধ্যমে পাঠানো এই নোটিসে দাবি করা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে প্রাক্তন ডিজি-র বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। সেখানে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে তাঁর সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসর গ্রহণ নিয়ে সুকান্ত মজুমদারের একটি বিদ্রুপাত্মক মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত।
নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সুকান্ত মজুমদারকে তাঁর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্ট ভিডিওটি সমস্ত সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্তমানে এই আইনি সংঘাতকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।