কাজের চাপে গঙ্গায় ঝাঁপ বিএলও-র, চাঞ্চল্য শ্রীরামপুর ফেরিঘাটে

কাজের চাপে গঙ্গায় ঝাঁপ বিএলও-র, চাঞ্চল্য শ্রীরামপুর ফেরিঘাটে

ভোটার তালিকা সংশোধনের কাজের প্রবল চাপে শ্রীরামপুর ফেরিঘাটে চলন্ত নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক বিএলও। কাঁচরাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ কায়ামুদ্দিন ব্যারাকপুর এলাকায় বিএলও হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে তিনি শ্রীরামপুর-ব্যারাকপুর ফেরি থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দেন। ফেরিঘাটের কর্মীদের তৎপরতায় এবং পুলিশের সহযোগিতায় তাঁকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এসআইআর এবং নথি যাচাইয়ের কাজ শেষ করার ব্যাপক চাপ ছিল। কায়ামুদ্দিনের এলাকায় অসংখ্য নথিতে ত্রুটি থাকায় তিনি সমস্যায় পড়েছিলেন। বিশেষ করে অনলাইন ফর্ম ডিজিটাইজেশনের কাজে নিজের অক্ষমতার কথা জানিয়ে তিনি বারবার অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু কাজের চাপ থেকে মুক্তি না মেলায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।

উদ্ধারের পর তিনি জানান, ভোটার তালিকার জটিল ডিজিটাল কাজ সম্পন্ন করতে না পারার আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি তাঁর ব্যাগ, মোবাইল ও পরিচয়পত্র নৌকায় রেখে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। এই ঘটনায় সরকারি কর্মীদের ওপর অতিরিক্ত কাজের বোঝা ও মানসিক চাপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *