উত্তরবঙ্গে ধুয়ে যাবে তৃণমূল! ২০২৬ নিয়ে শুভেন্দুর এই বিরাট ভবিষ্যদ্বাণী কি মিলবে

নিউজ ডেস্ক
সামনে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই বঙ্গ রাজনীতির পারদ চড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের ৫৪টি আসন নিয়ে এবার এক বিস্ফোরক দাবি করলেন তিনি। শুভেন্দুর স্পষ্ট কথা, উত্তরবঙ্গে খাতা খুলতেই পারবে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদহ থেকে কোচবিহার— বিস্তীর্ণ এই এলাকায় ঘাসফুল শিবিরের জন্য কোনও জায়গা নেই বলেই মনে করছেন তিনি।
শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি দাবি করেছেন, উত্তরবঙ্গের মোট ৫৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ৪৫টিতে জয় নিশ্চিত করবে বিজেপি। বাকি কয়েকটি আসন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির দখলে গেলেও, তৃণমূল সেখানে একটি আসনও পাবে না বলে হুঙ্কার ছেড়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
সম্প্রতি কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ঘাসফুলে যোগ দিয়েছেন। কিন্তু এই দলবদলকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। বরং বিষ্ণুপ্রসাদকে বিঁধে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ে পাঁচ হাজার ভোটও পাননি তিনি। ফলে টিকিট না পাওয়ার ভয়েই তিনি দল ছেড়েছেন। শুভেন্দুর দাবি অনুযায়ী, উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন যতই মজবুত করার চেষ্টা হোক না কেন, সাধারণ মানুষ বিজেপিকেই বেছে নেবে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির দাপট থাকলেও তৃণমূল ২০টির কাছাকাছি আসনে জয়ী হয়ে গেরুয়া শিবিরকে কড়া টক্কর দিয়েছিল। পরবর্তীকালে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও আলিপুরদুয়ারের বিজেপি বিধায়করা তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ কিছুটা বদলেছিল। উপনির্বাচনে দিনহাটার মতো আসনও ছিনিয়ে নিয়েছিল শাসক দল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহার বাদে উত্তরবঙ্গের বাকি অংশে বিজেপির পাল্লাই ভারী ছিল। ২০২৬-এর মহারণে শুভেন্দুর এই ‘৪৫ আসন’ জয়ের লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত, এখন সেটাই দেখার।