জলদাপাড়ার হলং বনবাংলো পুনর্নির্মাণে বিশেষ উদ্যোগ, শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী

জলদাপাড়ার হলং বনবাংলো পুনর্নির্মাণে বিশেষ উদ্যোগ, শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী

জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো পুনর্নির্মাণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গত বছরের ১৮ জুন বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৯৬৭ সালে নির্মিত এই কাঠের বাংলোটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিটের জেরে ঘটা সেই দুর্ঘটনার পর পর্যটকদের আবেগের কথা মাথায় রেখে রাজ্য সরকার এটি আগের আদলেই তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক থাকলে, আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বনদপ্তর সূত্রের খবর, নতুন কাঠামোটি কংক্রিটের হলেও তার অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশ শাল, সেগুন এবং পাইন কাঠ দিয়ে এমনভাবে মুড়ে দেওয়া হবে যাতে এর প্রাচীন নান্দনিকতা বজায় থাকে। তিন তলা এই বাংলোর বাইরের অংশে সেগুন এবং ভেতরে পাইন কাঠের কাজ থাকবে। ইতিবাচক দিক হলো, নতুন এই নির্মাণে অত্যাধুনিক অগ্নি-নির্বাপক ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন যে, ইতিমদধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সংস্থাকে কাজের বরাত (ওয়ার্ক অর্ডার) দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও বনদপ্তর দ্রুত কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম আকর্ষণ তথা ‘কোহিনূর’ হিসেবে পরিচিত এই বাংলোটি পুনরায় ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দেশি-বিদেশি পর্যটকরা। যথাযথ মানের কাঠ সরবরাহের দায়িত্ব পালন করবে খোদ বনদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *