বাংলায় ক্ষমতা দখল করলে মাছ-মাংস বন্ধ, বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা

বিজেপি শাসিত বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির আবহে পশ্চিমবঙ্গেও একই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রাম। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা গেছে যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ ও মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। বিহারের স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত নির্দেশিকার প্রসঙ্গ টেনে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমদেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বাংলার মানুষ ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে পরিচিত এবং এখানে এমন কোনো ফতোয়া কার্যকর করার চেষ্টা করলে আগামী নির্বাচনে বিজেপি যোগ্য জবাব পাবে। তৃণমূলের দাবি, বিজেপি বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতির ওপর আঘাত হানার চেষ্টা করছে। বিধায়ক স্পষ্ট জানান, বিহারের নিয়ম বাংলায় চাপানোর স্বপ্ন সফল হবে না এবং ভোটাররাই এর বিচার করবেন।
অন্য দিকে, বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছেন বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা লুটতে তৃণমূল তাঁর ভিডিওটি বিকৃত করে প্রচার করছে। তিনি মাছ-মাংস বন্ধের কথা বলেননি, বরং স্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির প্রয়োজনীয়তার কথা বলতে চেয়েছিলেন। বিজেপি নেতার দাবি, বিহারের নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে এই ইস্যুতে শাসক ও বিরোধী শিবিরের বাগযুদ্ধে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পারদ অনেকটাই চড়েছে।