পাঁচ রাজ্য ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

পাঁচ রাজ্য ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

নির্বাচন কমিশন শনিবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, প্রতিটি রাজ্যেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সর্বোচ্চ ৩৪ লক্ষ ২৫ হাজার এবং রাজস্থানে ৩১ লক্ষ ৩৬ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। ছত্তীসগঢ়ে বাদ পড়েছে প্রায় ২৫ লক্ষ ভোটার।

অন্যান্য অঞ্চলের মধ্যে বামশাসিত কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ জন এবং গোয়ায় ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও বাদ পড়েছে ৫২ হাজার ৩৬৪ জনের নাম। তবে খসড়া তালিকার তুলনায় অধিকাংশ রাজ্যেই চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দিয়ে তালিকাটি হালনাগাদ করা হয়েছে।

ইতিমধ্যে গুজরাত, পুদুচেরি ও লক্ষদ্বীপের সংশোধিত তালিকা প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গের পাঠকদের নজর এখন ২৮ ফেব্রুয়ারির দিকে। বিহারের পর পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এই নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল। কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা জনসমক্ষে আনা হবে। স্বচ্ছ ও নির্ভুল নির্বাচন নিশ্চিত করতেই দেশজুড়ে এই বিশেষ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *