পাঁচ বছরের মধ্যে দেশ থেকে অনুপ্রবেশকারী নির্মূলের লক্ষ্যমাত্রা অমিত শাহের

পাঁচ বছরের মধ্যে দেশ থেকে অনুপ্রবেশকারী নির্মূলের লক্ষ্যমাত্রা অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মাওবাদ দমনের সাফল্যের উদাহরণ টেনে তিনি দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকে অনুপ্রবেশকারীদের অস্তিত্ব সম্পূর্ণ মুছে ফেলা হবে। শাহ স্পষ্ট জানান, শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই নয়, বরং তাদের দেশ থেকেই বিতাড়িত করা সরকারের মূল লক্ষ্য।

আসাম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের দখলমুক্ত করা জমিতেই এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, কেবল জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও আশ্রয় নেবে, তাই স্থায়ী সমাধানের জন্য তাদের দেশত্যাগে বাধ্য করতে হবে। সরকারের এই পদক্ষেপ অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়ার একটি অংশ।

সামনে আসামের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাহের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দৃঢ় ইচ্ছাশক্তি ও সাহসের কারণেই দেশ আজ মাওবাদমুক্ত হওয়ার পথে। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন তিনি। মাওবাদ নির্মূলের মতো অনুপ্রবেশ সমস্যা সমাধানেও কেন্দ্র একই রকম কঠোর মনোভাব বজায় রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *