ভোটার তালিকা সংশোধন: জটিলতা কাটাতে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতির প্যানেল গঠন

ভোটার তালিকা সংশোধন: জটিলতা কাটাতে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতির প্যানেল গঠন

সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ‘তথ্যগত অসঙ্গতি’ ও বিরোধ মেটাতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত হয়। এই প্যানেল মূলত উত্তর ও দক্ষিণ কলকাতার বিতর্কিত মামলাগুলি নিষ্পত্তি করবে। জেলাস্তরে এই দায়িত্ব সামলাবেন বর্তমান বা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারকরা।

সোমবার থেকেই এই বিচারবিভাগীয় প্যানেল কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। জেলা নির্বাচনী আধিকারিকরা বিচারকদের প্রযুক্তিগত প্রক্রিয়া ও পোর্টাল সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন। জেলাস্তরের কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে তা কলকাতার সাত বিচারপতির প্যানেলের কাছে পাঠানো হবে এবং তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, নথিপত্রের ঘাটতি ও অসঙ্গতির কারণে প্রায় ৫০ লক্ষ ভোটার সংক্রান্ত মামলা বর্তমানে বিতর্কের মুখে রয়েছে। এর মধ্যে প্রায় ২০ লক্ষ আবেদন প্রমাণের অভাবে মুলতুবি এবং ৩০ লক্ষ মামলা কমিশনের সুপার-চেকিংয়ে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে, পোর্টালের কাজের অগ্রগতি দেখতে না পাওয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *