পরীক্ষাগারে তৈরি হলো জীবন্ত কৃত্রিম হৃৎপিণ্ড, চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য

পরীক্ষাগারে তৈরি হলো জীবন্ত কৃত্রিম হৃৎপিণ্ড, চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য

চিকিৎসা গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম ‘থ্রি-ডি হার্ট-অন-এ-চিপ’ বা কৃত্রিম জীবন্ত হৃৎপিণ্ড তৈরি করেছেন কানাডার মন্ট্রিয়েল ইউনিভার্সিটির গবেষকরা। ইঁদুরের কোষ, কলা এবং স্নায়ু ব্যবহার করে তৈরি এই ত্রিমাত্রিক হৃদযন্ত্রটি অবিকল আসল হৃৎপিণ্ডের মতো স্পন্দিত হতে সক্ষম। এই উদ্ভাবনের ফলে এখন থেকে ওষুধ বা নতুন চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের জন্য আর কোনো প্রাণী বা মানুষের জীবনের ঝুঁকি নিতে হবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই কৃত্রিম হৃৎপিণ্ডে বিশেষ সিলিকন চিপ, জেল এবং সেন্সর বসানো হয়েছে, যা এর পেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং অভ্যন্তরীণ পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে। ধাতব কৃত্রিম হৃৎপিণ্ডের সীমাবদ্ধতা কাটিয়ে রক্তমাংসের এই মডেলে ওষুধের কার্যকারিতা সরাসরি যাচাই করা সম্ভব হচ্ছে। ‘ন্যানো মাইক্রো স্মল’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, কৃত্রিম হৃৎপিণ্ডটি ওষুধের প্রভাবে স্বাভাবিক প্রতিক্রিয়া দিচ্ছে।

বর্তমানে গবেষকরা এই মডেলের মাধ্যমে আচমকা হৃদরোগ প্রতিরোধ এবং অনিয়মিত হৃৎস্পন্দন স্বাভাবিক করার উপায় নিয়ে কাজ করছেন। দীর্ঘকাল ধরে গবেষণার কাজে ইঁদুর বা অন্য প্রাণীর ওপর যে নির্ভরতা ছিল, এই আবিষ্কার তা দূর করবে বলে আশা করা হচ্ছে। নিখুঁত কোষ-কলা সমন্বিত এই প্রযুক্তি ভবিষ্যতে জটিল অস্ত্রোপচারের মহড়া এবং হৃদরোগের উন্নত চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *