ভোটার তালিকায় নাম তুলতে ‘কাটমানি’র অভিযোগ, বিএলও-র অডিও ঘিরে চাঞ্চল্য বাগদায়

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় নাম তোলার বিনিময়ে মাথাপিছু ১০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠল এক বিএলও-র বিরুদ্ধে। অভিযুক্ত বিএলও চন্দ্রকান্ত মন্ডল পেশায় প্রাথমিক শিক্ষক। অভিযোগ, বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি মোটা অঙ্কের টাকা চেয়েছেন। সম্প্রতি জনৈক ইসমাইল মন্ডলের সঙ্গে তার এই সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
এই ঘটনায় প্রশাসনিক মহলে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। জেলাশাসক ও বিডিও-র কাছে জমা দেওয়া অভিযোগে জানানো হয়েছে যে, বিডিও ও মাইক্রো অবজারভারদের নাম ভাঙিয়ে এই টাকা চাওয়া হয়েছে। যদিও ছড়িয়ে পড়া ভয়েস রেকর্ডটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছে।
বিষয়টি নিয়ে বাগদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, শাসকদলের মদতেই অবৈধভাবে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলা হচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ায় বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ জানান, দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন রাজনীতির অভিযোগ তুলে তিনি স্পষ্ট করেন যে, সরকার কোনো অনিয়মকে প্রশ্রয় দেয় না।