রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বনে নয়া উদ্যোগ, ‘জাগো প্রকল্পে’ মিলবে ৫০০০ টাকার অনুদান

পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘জাগো প্রকল্প’ বিশেষ গুরুত্ব পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এককালীন ৫,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ দান এবং গ্রামীণ ও শহর অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে অন্তত এক বছর সক্রিয় থাকতে হবে এবং শুধুমাত্র মহিলা সদস্য নিয়ে গঠিত হতে হবে। এছাড়া, গোষ্ঠীর নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক, যেখানে ন্যূনতম ৫,০০০ টাকা ব্যালেন্স এবং টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিটের সুবিধা রয়েছে। যোগ্য গোষ্ঠীগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অনুদানের টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কন্যাশ্রী, যুবশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের পর ‘জাগো প্রকল্প’ স্বনির্ভর গোষ্ঠীগুলোর অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সহায়ক হবে। সরকারের মতে, এই সহায়তার ফলে মহিলারা কেবল নিজেরা স্বাবলম্বী হবেন না, বরং পরিবার ও সমাজের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে।