জঙ্গি নাশকতার বড় ছক বানচাল, কলকাতা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ সন্দেহভাজন

জঙ্গি নাশকতার বড় ছক বানচাল, কলকাতা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ সন্দেহভাজন

কলকাতা ও তামিলনাড়ুতে সাঁড়াশি অভিযান চালিয়ে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল পুলিশ। পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ-ভিত্তিক জঙ্গি সংগঠনের মদতে ভারতে আত্মঘাতী হামলার ষড়যন্ত্রের অভিযোগে মোট আটজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

তদন্তকারী সূত্রে খবর, তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় পোশাক কারখানায় শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করেছিল মিজানুর রহমান, মহম্মদ শাবাত ও উমরসহ মোট ছয়জন। পশ্চিমবঙ্গ থেকেও এই চক্রের আরও দুই সদস্যকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

গোয়েন্দাদের দাবি, লস্কর-ই-তইবা দিল্লির লালকেল্লা ও চাঁদনি চকের মন্দিরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করছিল। এর আগে গত নভেম্বরে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাতেও এই মডিউলের যোগসূত্র পাওয়া গেছে। বর্তমানে ধৃতদের জেরা করে এই নাশকতার জাল কতদূর বিস্তৃত এবং পরবর্তী লক্ষ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *