বিশ্বকাপ সেমিফাইনালের সূচিতে বড় বদল, ইডেন থেকে সরতে পারে ভারতের ম্যাচ

সুপার এইট পর্ব শুরু হতেই বিশ্বকাপের সেমিফাইনাল সূচি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি বাবর আজমের দল শেষ চারে জায়গা করে নেয়, তবে টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রস্তাবিত সেমিফাইনাল ম্যাচটি বাতিলের সম্ভাবনা রয়েছে।
মূলত পাকিস্তানের আপত্তির কারণেই এই জটিলতা। পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলতে আগ্রহী নয়। আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। এমনকি সেমিফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলেও রোহিত শর্মাদের কলম্বোতেই খেলতে যেতে হবে। অন্যদিকে, পাকিস্তান সেমিফাইনালে না উঠলে ভারতের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়েতে এবং অন্য সেমিফাইনালটি ইডেনে হওয়ার কথা।
সুপার এইটের সমীকরণ অনুযায়ী, পাকিস্তান ও ভারত সেমিফাইনালে উঠলে সূচি পুরোপুরি বদলে যাবে। পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদ থেকে সেই ম্যাচও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক হিসেবে শ্রীলঙ্কাও তাদের সব ম্যাচ দেশের মাটিতে খেলতে চায়। ফলে ইডেন গার্ডেন্স শেষ পর্যন্ত কোনো সেমিফাইনাল ম্যাচ পাবে কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার ওপর।