রাজপাল যাদবের ৯ কোটির চেক বাউন্স মামলা, অমিতাভ বচ্চনকে ঘিরে আইনজীবীর বিস্ফোরক দাবি

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় এবার উঠে এল অমিতাভ বচ্চনের নাম। দিল্লির এক ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় দাবি করেছেন, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের উপস্থিতিই এই আইনি লড়াইকে ভিন্ন মোড় দিয়েছিল। ওই অনুষ্ঠানে ব্যবসায়ীর সাথে ছবি তোলা নিয়ে রাজপাল যাদবের টিমের আপত্তির জেরেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় বলে অভিযোগ।
মূলত ২০১০ সালে নিজের ছবির জন্য দিল্লির এক সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সুদসহ বকেয়া দাঁড়ায় ৯ কোটি টাকা। দীর্ঘ আইনি জটিলতার পর ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা। সম্প্রতি তিহাড় জেল থেকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
বর্তমানে বিষয়টি নিয়ে বিনোদন জগতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বকেয়া মেটানোর সুযোগ পেলেও ব্যর্থ হওয়ায় রাজপালের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আদালত। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে পড়ায় এই মামলাটি এখন নতুন মাত্রা পেয়েছে।