দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের আবাসনে অগ্নিকাণ্ড, আতঙ্কিত আবাসিকেরা

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এলাকার আনন্দ আবাসনের একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় আতঙ্কিত আবাসিকেরা দ্রুত ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আবাসনের বাসিন্দাদের পাশাপাশি সেখানে থাকা পোষ্য সারমেয়দেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শহরের বুকে গত কয়েক দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। সোমবারই রুবি সংলগ্ন ‘আরবানা’ আবাসনে আগুন লেগেছিল, তার আগে টালিগঞ্জের এক অভিজাত আবাসনও আগুনের কবলে পড়ে। সাদার্ন অ্যাভিনিউয়ের এই ঘটনার পাশাপাশি এদিন ওই অঞ্চলেরই অন্য প্রান্তে একটি চলন্ত গাড়িতেও আগুন লাগার খবর পাওয়া গেছে। বারবার এমন ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন শহরবাসী।