নজিরবিহীন সিদ্ধান্ত: কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় অফিসারদের সব ছুটি বাতিল

নজিরবিহীন সিদ্ধান্ত: কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় অফিসারদের সব ছুটি বাতিল

সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এক নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের রেজিস্ট্রারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সিভিল জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পদে কর্মরত বিচারকদের সব ধরনের ছুটি অবিলম্বে বাতিল করা হয়েছে। এমনকি স্টেশন লিভ বা কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত শুক্রবার রাজ্যের একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পরই এই কঠোর সিদ্ধান্ত কার্যকর করা হয়। বর্তমানে ছুটিতে থাকা কর্মকর্তাদের বুধবার দুপুরের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটি বাতিলের পাশাপাশি বিচারকদের প্রশিক্ষণ সংক্রান্ত কর্মসূচিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ বাদে বাকি সব সেমিনার এবং প্রশিক্ষণ আপাতত স্থগিত থাকবে। জরুরি চিকিৎসাজনিত কারণ ছাড়া আগে থেকে অনুমোদিত কোনো ছুটিই কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। সব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *