টিম ইন্ডিয়ায় দলাদলি না কি ব্যক্তিগত আক্রোশ, গৌতম গম্ভীরের বিরুদ্ধে কেন বিস্ফোরক আহমেদ শেহজ়াদ

ভারতীয় ক্রিকেট দলের অন্দরে কি বিষাক্ত রাজনীতির বীজ বপন করছেন হেড কোচ গৌতম গম্ভীর? শ্রীলঙ্কার কাছে শোচনীয় হারের পর এই প্রশ্নই এখন ক্রিকেট বিশ্বের অলিগলিতে ঘুরপাক খাচ্ছে। তবে এবার সরাসরি আঙুল তুললেন পাকিস্তানের প্রাক্তন বিতর্কিত ব্যাটার আহমেদ শেহজ়াদ। তাঁর দাবি, রাজনীতিতে ব্যর্থ হয়ে সেই ‘নোংরা রাজনীতি’ এখন ড্রেসিংরুমে আমদানি করছেন গম্ভীর, যার মাশুল গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে।
রাজনীতির ময়দান থেকে ড্রেসিংরুম, বিঁধলেন শেহজ়াদ
টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলের সাম্প্রতিক অফ-ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত টিকে থাকলেও গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বাড়ছে। শেহজ়াদ বিস্ফোরক অভিযোগ এনে বলেন, “যখন আপনি কোনো পেশায় আসেন, তখন সেখানে সম্পূর্ণ মনোনিবেশ প্রয়োজন। গম্ভীর রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই তাঁর মানসিকতায় পরিবর্তন আসে। তিনি রাজনীতিতে সফল হতে পারেননি, কিন্তু সেই একই রণকৌশল এখন দলের ভেতর প্রয়োগ করছেন। এতে ভারতীয় দলের সংহতি নষ্ট হচ্ছে এবং বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”
কুলদীপ যাদবকে কি ইচ্ছা করে বসানো হচ্ছে
শেহজ়াদের নিশানায় সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনারের একাদশের বাইরে থাকা। গম্ভীরের দল পরিচালনার ধরণকে কার্যত ‘একনায়কতন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন তিনি। শেহজ়াদের দাবি অনুযায়ী, স্রেফ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কথা কাটাকাটির জেরেই কপাল পুড়েছে কুলদীপের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর মাঠেই কুলদীপ ও সূর্যের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। কাকতালীয়ভাবে, ঠিক তার পরের ম্যাচেই প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হয় এই চায়নাম্যান স্পিনারকে। শেহজ়াদের মতে, এটি কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ব্যক্তিগত ইগোর লড়াই।
সংকটে গম্ভীরের কোচিং ক্যারিয়ার
গৌতম গম্ভীরের জমানায় ভারত ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারলে তাঁর চেয়ার যে টলমল করবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের ব্রাত্য করা এবং জুনিয়রদের ওপর অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা নিয়ে বিসিসিআইয়ের অন্দরেও কানাঘুষো শুরু হয়েছে। শেহজ়াদের এই আক্রমণ সেই আগুনে ঘি ঢালার কাজ করল। এখন দেখার, পাকিস্তানের প্রাক্তন তারকার এই কড়া সমালোচনার জবাবে টিম ইন্ডিয়ার ‘গম্ভীর’ কোচ বা বিসিসিআই পাল্টা কোনো প্রতিক্রিয়া দেয় কি না।