কলকাতায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতোবৃষ্টি, রণক্ষেত্র সিইও দপ্তর

কলকাতায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতোবৃষ্টি, রণক্ষেত্র সিইও দপ্তর

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দপ্তরের সামনে নজিরবিহীন হেনস্থার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিবাদী বাগ এলাকায় বিএলও সংগঠনের বিক্ষোভ চলাকালীন তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রতিনিধি দল নিয়ে পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করায় বুথ স্তরের কর্মীরা অহেতুক হেনস্থার শিকার হচ্ছেন। উত্তেজনার এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে জুতো ছোড়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরবর্তীতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এলাকা শান্ত করা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, পুলিশের মদতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিন তিনি ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম তোলা এবং নির্বাচন কমিশনের বৈঠকে প্রাক্তন মুখ্যসচিবের উপস্থিতি নিয়ে সিইও-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *