নির্বাচনী রণকৌশলে এগিয়ে তৃণমূল: ২৯৪ আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপরতা বাড়াল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ২৯৪টি আসনের জন্য খসড়া তালিকা প্রায় তৈরি। এবার অভিজ্ঞতার পাশাপাশি একাধিক নতুন মুখকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত তালিকায় সিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতার ক্ষেত্রে বর্তমান বিধায়কদের ওপরই মূলত আস্থা রাখছে শাসকদল। ভবানীপুর থেকে আবারও লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারীতে দেবাশিস কুমার এবং কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের নাম প্রায় নিশ্চিত। তবে বালিগঞ্জ আসনে রদবদলের সম্ভাবনা রয়েছে; সেখানে বাবুল সুপ্রিয়ের পরিবর্তে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে।
টালিগঞ্জে অরূপ বিশ্বাস থাকলেও বেহালা পশ্চিমের প্রার্থী বদল একপ্রকার নিশ্চিত। পার্থ চট্টোপাধ্যায়ের আসনে কোনও অভিজ্ঞ ব্যক্তিত্বকে দায়িত্ব দিতে পারে দল। উত্তর কলকাতায় আমূল পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও দু-একটি আসনে রদবদল হতে পারে। সব মিলিয়ে, মন্ত্রীদের পাশাপাশি এবার একজন রাজ্যসভার সাংসদকেও নির্বাচনী ময়দানে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।