শুভেন্দুর ‘কুকীর্তি’ ফাঁস করতে তৃণমূলের বড় চাল, আসছে ‘দ্য হেট ফাইলস’

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। এবার লড়াইয়ের ময়দান শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ার রিলস আর ভিডিওর দুনিয়ায়। আর এই ডিজিটাল যুদ্ধেই এবার তুরুপের তাস ফেলল তৃণমূল কংগ্রেস। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে শাসক দল আনতে চলেছে এক বিস্ফোরক কন্টেন্ট, যার নাম দেওয়া হয়েছে ‘দ্য হেট ফাইলস’।
তৃণমূল সূত্রের খবর, এই ‘দ্য হেট ফাইলস’-এ বিরোধী দলনেতার গত কয়েক বছরের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডকে ‘চার্জশিট’ আকারে জনসমক্ষে আনা হবে। ঘাসফুল শিবিরের দাবি, শুভেন্দু অধিকারী একজন ‘বিষাক্ত সাপ’ হিসেবে রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন, যিনি যে হাত তাঁকে আশ্রয় দিয়েছিল, সেখানেই কামড় দিয়েছেন। বাংলার গণতান্ত্রিক কাঠামো ভাঙার চেষ্টার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে তারিখ ধরে ধরে তুলে ধরা হবে এই ভিডিও সিরিজে।
তৃণমূলের নজরে শুভেন্দুর যে ‘ফাইল’গুলো থাকছে
তৃণমূলের তৈরি এই তালিকায় উঠে এসেছে একাধিক বিতর্কিত তারিখ ও ঘটনা। যার মধ্যে অন্যতম হলো ২০ ডিসেম্বর ২০২০, যখন সারদা ও নারদা কেলেঙ্কারি থেকে বাঁচতে তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়াও ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি একজন শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ তকমা দেওয়া, ২০২৫ সালের ১১ মার্চ মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি এবং ওই বছরেরই ৩১ জুলাই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক নাগরিককে ‘রোহিঙ্গা’ বলে গায়ের চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকির প্রসঙ্গও থাকছে এই ‘হেট ফাইলস’-এ।
এখানেই শেষ নয়, ২০২৬ সালের সাম্প্রতিক কিছু ঘটনাকেও হাতিয়ার করছে তৃণমূল। ময়নায় পুলিশ আধিকারিকদের জাতিবিদ্বেষী মন্তব্য করে অপমান করা কিংবা ধর্মীয় বিভাজনকে সমর্থনকারীদের জন্য কাজ করার মতো বিস্ফোরক মন্তব্যগুলোকেও জনসমক্ষে এনে শুভেন্দু অধিকারীর ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিতে চাইছে শাসক দল।
সোশ্যাল মিডিয়ায় এই ‘দ্য হেট ফাইলস’ মুক্তি পাওয়া নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে বিরোধী দলনেতাকে কোণঠাসা করতেই তৃণমূলের এই ডিজিটাল পরিকল্পনা। এখন দেখার, তৃণমূলের এই ‘ফাইল’ খোলার পাল্টা হিসেবে বিজেপি তথা শুভেন্দু অধিকারী কী কৌশল অবলম্বন করেন।