ল্যুভর মিউজিয়ামে অমূল্য গয়না চুরি: দায় স্বীকার করে ডিরেক্টরের পদত্যাগ

ল্যুভর মিউজিয়ামে অমূল্য গয়না চুরি: দায় স্বীকার করে ডিরেক্টরের পদত্যাগ

গত অক্টোবর মাসে ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে সম্রাজ্ঞী ইউজেনি ও তাঁর পরিবারের আটটি ঐতিহাসিক গয়না চুরির ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন পরিচালক লরেন্স দে কার্স। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের কথা জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দুষ্কৃতীরা মাত্র সাত মিনিটে জানালা দিয়ে প্রবেশ করে অপারেশন চালিয়েছিল।

ঘটনার পর থেকে নিরাপত্তা ও প্রশাসনিক গাফিলতি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পরিচালক। যদিও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে চুরিকৃত অমূল্য সম্পদগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া ল্যুভরের ৭০৭ নম্বর কক্ষে জল চুঁইয়ে মূল্যবান শিল্পকর্মের ক্ষয়ক্ষতি এবং জাল টিকিটের মাধ্যমে প্রবেশের মতো একাধিক প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগও সামনে এসেছে।

প্রেসিডেন্টের দপ্তর লরেন্স দে কার্সের এই পদত্যাগকে একটি ‘দায়িত্বশীল পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। বিশ্বের বৃহত্তম এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাতে এবং প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে নতুন নেতৃত্বের প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে এই বিশৃঙ্খলার মধ্যেও লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি সুরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *