ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা: ব্ল্যাক বক্সহীন বিমানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা: ব্ল্যাক বক্সহীন বিমানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ঝাড়খণ্ডের চাতরা জেলায় রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে কোনো ব্ল্যাক বক্স ছিল না। এমনকি গুরুত্বপূর্ণ এই বিমানটি গত চার বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সোমবার সন্ধ্যায় রাঁচি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাতজন যাত্রী নিয়ে বিমানটি সিমরিয়া থানার করমতান্দ গ্রামের জঙ্গলে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর বিনোদ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। তবে ব্ল্যাক বক্স না থাকায় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ খতিয়ে দেখতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। বর্তমানে পুরো ঘটনাটি বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *