পূর্ব বর্ধমান: পানীয় জলের বদলে অ্যাসিড খেয়ে আইসিইউ-তে ব্যবসায়ী, চাঞ্চল্য জামালপুরে

পূর্ব বর্ধমানের জামালপুরের হালাড়া মোড়ে এক মিষ্টির দোকান থেকে কেনা জলের বোতল খেয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বালি ব্যবসায়ী জয়জিৎ মহান্ত। তৃষ্ণা মেটাতে নামী কো ম্পা নির সিলবন্ধ বোতল কিনে চুমুক দিতেই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে শুরু হয় রক্তবমি ও প্রবল যন্ত্রণা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি।
ঘটনার তদন্তে নেমে জামালপুর থানার পুলিশ অভিযুক্ত মিষ্টির দোকানদার প্রণব সরকারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গেছে, ছানা কাটানোর জন্য ব্যবহৃত বিষাক্ত ‘মিল্ক অ্যান্টিফাঙ্গাস অ্যাসিড’ সাধারণ পানীয় জলের বোতলে ভরে রাখা হয়েছিল। দোকানদারের অনিচ্ছাকৃত ভুলে সেই রাসায়নিক ভর্তি বোতলটিই জলের বদলে ওই ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাসায়নিক ভর্তি আরও একটি বোতল বাজেয়াপ্ত করেছে।
চিকিৎসকদের মতে, এই অ্যাসিড অত্যন্ত প্রাণঘাতী যা শরীরে প্রবেশ করলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও মৃত্যু ঘটাতে পারে। অসাধু ব্যবসায়ীরা মিষ্টি তৈরিতে এমন বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করায় এবং তা সাধারণ বোতলে রাখায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলেই দোকানদারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।