কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ: দুর্যোগ খাতে বাংলার বকেয়া প্রায় ৫৪ হাজার কোটি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ: দুর্যোগ খাতে বাংলার বকেয়া প্রায় ৫৪ হাজার কোটি

স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালের কাছে চার পাতার একটি বিশদ খতিয়ান জমা দেন। চিঠিতে দাবি করা হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা।

তৃণমূলের অভিযোগ, এই বিপুল অর্থ না মেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্গঠনের কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের (DONER) বরাদ্দ তহবিলের বড় অংশ অব্যবহৃত থাকা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৪১ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৬ শতাংশ অর্থ খরচ করা সম্ভব হয়নি।

বৈঠকে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে চেয়ারম্যান বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী তিন দিনের মধ্যে সাংসদদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। ডেরেক ও’ব্রায়ানের দেওয়া চিঠিটি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *