ভোটার তালিকায় নাম তুলতে লাগবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
February 25, 20261:58 pm

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটালেন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- সহায়ক নথি: দশম শ্রেণির অ্যাডমিট কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে নয়, বরং পাসের সার্টিফিকেটের সঙ্গে সহায়ক নথি হিসেবে জমা দেওয়া যাবে। এটি মূলত জন্ম তারিখ এবং অভিভাবকত্ব প্রমাণের ক্ষেত্রে কার্যকর হবে।
- ডেডলাইন: আগামীকালের (বুধবার) বিকেল ৫টার মধ্যে সমস্ত অমীমাংসিত নথি বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের।
৮০ লাখ আবেদন সামলাতে ভিন রাজ্যের বিচারক
রাজ্যে প্রায় ৮০ লাখ দাবি ও আপত্তি ঝুলে রয়েছে। এই বিপুল পরিমাণ কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা কার্যত আসাম্ভব বলে মনে করছে আদালত। তাই গতি বাড়াতে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে:
- পশ্চিমবঙ্গের ২৫০ জন জেলা বিচারকের পাশাপাশি সিভিল জজদেরও এই প্রক্রিয়ায় নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
- কাজের চাপ সামলাতে ঝাড়খণ্ড ও ওডিশা থেকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ডেপুটেশনে বাংলায় আনা হচ্ছে।
- আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন বিচারক প্রতিদিন ২৫০টি আবেদন নিষ্পত্তি করলেও পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত ৮০ দিন সময় প্রয়োজন।
ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা বয়সের অসঙ্গতি (যেমন বাবা ও সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছরের কম হওয়া) দূর করতেই এই কড়া পদক্ষেপ নিচ্ছে সুপ্রিম কোর্ট।