ভারত-পাক যুদ্ধ থামিয়ে শেহবাজ শরীফের প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প, দাবি মার্কিন প্রেসিডেন্টের

স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনিভূত হওয়া পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তিনি রুখে দিয়েছেন। ট্রাম্পের দাবি, তাঁর সময়োচিত হস্তক্ষেপ না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিহত হতেন। তিনি জানান, বিশ্বজুড়ে আটটি যুদ্ধ বন্ধ করার পাশাপাশি দুই দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ ও ভারতের সাথে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি এই শান্তি স্থাপন করেছেন।
২০২৫ সালের মে মাসে পহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদূর’ শুরু করলে দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাম্প এই প্রক্রিয়ায় নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও ভারত তাঁর এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, বরং দুই দেশের ডিজিএমও পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সংঘাত কমানো সম্ভব হয়েছিল।
আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই চাঞ্চল্যকর বয়ান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে তিনি আর্থিক ও বাণিজ্যিক চাপের মুখে দুই দেশকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখার কৃতিত্ব নিচ্ছেন, অন্যদিকে ভারত সাফ জানিয়েছে যে শান্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক ছিল। বর্তমানে এই কূটনৈতিক বাদানুবাদকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।