বেঙ্গালুরুতে চিকিৎসায় চরম গাফিলতি: নার্সের ভুলে আঙুল কাটা গেল ৬ মাসের শিশুর

বেঙ্গালুরুর ইন্দিরানগরের চিন্ময় মিশন হাসপাতালে চিকিৎসায় গাফিলতির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আইভি ড্রিপ খোলার সময় অসাবধানতাবশত ছয় মাস বয়সি এক শিশুর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কেটে ফেলেছেন কর্তব্যরত নার্স। এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ইন্দিরানগর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
ভুক্তভোগী শিশুর বাবা বিজয় কুমার জানান, গত ১৯ ফেব্রুয়ারি জ্বর ও সর্দি নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি বিকেলে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি চলাকালীন নার্স অনীতা ড্রিপ খুলতে গিয়ে কাঁচি দিয়ে শিশুটির আঙুল কেটে ফেলেন।
বর্তমানে মামলাটি মায়োহলের অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। তীব্র যন্ত্রণায় কাতর শিশুটিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরিবারের পক্ষ থেকে হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।