হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’কে স্বীকৃতির সুপারিশ সিইও দফতরের

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’র নিবন্ধনের জন্য দিল্লির নির্বাচন কমিশনে সুপারিশ পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। নথিপত্র খতিয়ে দেখার পর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে দলীয় স্বীকৃতি মিলবে।
নিবন্ধন সম্পন্ন হলেই প্রতীক বরাদ্দের আবেদন করবেন হুমায়ুন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা থেকে লড়াইয়ের ঘোষণা করেছেন তিনি। দলীয় প্রতীকের ক্ষেত্রে ‘টেবিল’ তাঁর প্রথম পছন্দ হলেও বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। হলুদ, সবুজ ও সাদা—এই তিন রঙের মিশেলে তৈরি হয়েছে নতুন দলের পতাকা।
রাজ্য রাজনীতিতে বিতর্ক ও জল্পনার মধ্যেই সংখ্যালঘু ভোট ব্যাংককে পাখির চোখ করেছেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তিনি বাম ও আইএসএফ-এর সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছেন। আমজনতার উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত এই দল মুর্শিদাবাদসহ রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।