বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক!
/indian-express-bangla/media/media_files/2025/12/02/mamata-banerjee-report-card-14-years-2-crore-jobs-bengal-development-2025-12-02-19-06-59.jpg?w=640&resize=640,360&ssl=1)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বিকেলে নবান্নে বসছে রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই এই বৈঠককে ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রশাসনিক মহলের মতে, আজকের এই বৈঠক থেকে একগুচ্ছ বড়সড় ঘোষণা আসতে পারে যা সরাসরি আমজনতার ওপর প্রভাব ফেলবে।
সূত্রের খবর, বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ শুরু হতে চলা এই বৈঠকে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হতে পারে। যার মধ্যে প্রথমেই রয়েছে সরকারি নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা। পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের জন্য উন্নয়নমূলক কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে পারে সরকার। এছাড়া শিল্পায়নের গতি বাড়াতে জমি বরাদ্দ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ছাড়পত্রও মিলতে পারে আজকের এই হাই-ভোল্টেজ বৈঠকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এটাই হতে পারে মন্ত্রিসভার শেষ বড় বৈঠক। তাই সাধারণ মানুষকে চমকে দেওয়ার মতো একাধিক প্রশাসনিক প্রস্তাবে আজই চূড়ান্ত সিলমোহর দিতে পারেন মুখ্যমন্ত্রী। এখন দেখার, বিকেলের এই বৈঠক শেষে নবান্ন থেকে কী সুখবর বেরিয়ে আসে।