বোমা হামলার হুমকি: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরিয়ে নেওয়া হল আলবানিজকে

বোমা হামলার হুমকি: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরিয়ে নেওয়া হল আলবানিজকে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ক্যানবেরার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ বোমা হামলার হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি আসার পরপরই নিরাপত্তা বজায় রাখতে প্রধানমন্ত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ই-মেলে দাবি করা হয়, বেইজিংয়ে নিষিদ্ধ ‘শেন ইউন’ নামক একটি চীনা সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান বাতিল না করলে বাসভবনে বিস্ফোরণ ঘটানো হবে।

ঘটনার খবর পেয়েই অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরো এলাকা খালি করে দেয়। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চললেও কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট এবং নিরাপত্তা বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখছে। উল্লেখ্য, ‘দ্য লজ’ দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যেখানে গত নভেম্বরেই প্রধানমন্ত্রীর বিয়ে সম্পন্ন হয়েছিল। বর্তমানে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *