টি-২০ বিশ্বকাপ: গ্যালারিতে পাক-ইংল্যান্ড সমর্থকদের হাতাহাতি, ভাইরাল ভিডিও

টি-২০ বিশ্বকাপ: গ্যালারিতে পাক-ইংল্যান্ড সমর্থকদের হাতাহাতি, ভাইরাল ভিডিও

পাল্লেকেলেতে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পর গ্যালারিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল গুরুত্বপূর্ণ এই ম্যাচে হেরে যাওয়ায় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতে দুই দেশের সমর্থকরা প্রথমে কথা কাটাকাটি এবং পরে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময় শ্রীলঙ্কার জার্সি পরিহিত কিছু দর্শক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। গত মঙ্গলবার রাতে পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শেষ হওয়ার পরপরই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

মাঠের লড়াইয়ে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করলেও হ্যারি ব্রুকের অনবদ্য শতরানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ব্রুকের ৫১ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ১৯.১ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ইংলিশরা। এই জয়ের ফলে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলেও, হারের গ্লানি ও গ্যালারির এই সংঘর্ষ পাকিস্তান শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *