টোল প্লাজায় নগদে টাকা দেওয়া কি বন্ধ হচ্ছে? ১ এপ্রিল থেকে বড় বদল আনছে কেন্দ্র

ভারতের জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার টোল প্লাজায় টোল আদায়ের বর্তমান ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) আগামী ১ এপ্রিল থেকে দেশের সমস্ত টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
নতুন এই নিয়ম কার্যকর হলে ১ এপ্রিলের পর থেকে আর কোনো টোল প্লাজায় নগদে টাকা দিয়ে রসিদ কাটা যাবে না। এর পরিবর্তে টোল ফি মেটানোর জন্য শুধুমাত্র ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা বাধ্যতামূলক হবে। গাড়িচালকদের এখন থেকে বাধ্যতামূলকভাবে ফাসট্যাগ (FASTag) অথবা ইউপিআই (UPI)-এর মাধ্যমেই পেমেন্ট করতে হবে। সড়কপথে যানজট কমানো এবং টোল আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। যারা এখনও ফাসট্যাগ ব্যবহার শুরু করেননি বা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত নন, তাদের জন্য এই নতুন নিয়ম বড় চ্যালেঞ্জ হতে পারে।