ডিজেল ছাড়াই চলবে ট্রেন! এবার জল আর অক্সিজেন দিয়ে ছুটবে ভারতীয় রেল

নিউজ ডেস্ক
ভারতীয় রেলের মুকুটে যুক্ত হলো এক অনন্য পালক। বুধবার ট্রেনের দুনিয়ায় এক নতুন বিপ্লবের সাক্ষী থাকল দেশ। হরিয়ানার জিন্দ থেকে সোনিপতের মধ্যে সফলভাবে সম্পন্ন হলো দেশের প্রথম হাইড্রোজেন লোকোমোটিভ ট্রেনের ট্রায়াল রান। পরিবেশবান্ধব পরিবহনের ক্ষেত্রে এই পদক্ষেপ ভারতকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে।
প্রযুক্তির চমক ও গতি
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তে তৈরি এই বিশেষ ট্রেনে রয়েছে ১,২০০ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। সম্পূর্ণ দূষণহীন এই ট্রেন ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে চলে। ট্রায়াল চলাকালীন ইঞ্জিনের গতি, ব্রেকিং সিস্টেম এবং জ্বালানি ব্যবহারের বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সকাল ৭টায় জিন্দ ইয়ার্ড থেকে বেরিয়ে ৮টা ২৫ মিনিটে সোনিপতের উদ্দেশ্যে রওনা দেয় এই আধুনিক ট্রেন।
বিশ্বের দরবারে ভারতের জয়জয়কার
এই সফল পরীক্ষার মাধ্যমে জার্মানি, সুইডেন, জাপান এবং চিনের পর ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালানোর গৌরব অর্জন করল। জিন্দে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং প্ল্যান্টও তৈরি করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হলে জিন্দ থেকে সোনিপতের ৯০ কিলোমিটার দূরত্ব পার করতে ২ ঘণ্টার বদলে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা।