ফুলবাড়িতে পরকীয়া নিয়ে তুলকালাম: স্বামী ও প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির অম্বিকানগর নিচপাড়ায় পরকীয়া সম্পর্কের জেরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত গুপীনাথ হাজরা দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন বলে অভিযোগ। স্থানীয়রা ওই দুজনকে মার্ডার মোড় এলাকায় একসাথে দেখতে পেয়ে আটকে রাখলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।
দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে অভিযুক্তের স্ত্রী কল্যাণী হাজরা ও স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। কল্যাণী দেবীর অভিযোগ, গত দুই বছর ধরে তাঁর স্বামী সংসারের খরচ না চালিয়ে ওই মহিলার সঙ্গেই থাকছেন। ইতিপূর্বে একাধিকবার সালিশি সভা হলেও গুপীনাথ নিজের আচরণ সংশোধন করেননি বলে দাবি পরিবারের।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে। বর্তমানে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে।