একই মঞ্চে রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রী? উত্তরবঙ্গে দ্রৌপদী মুর্মুর মেগা সফর ঘিরে তুঙ্গে জল্পনা

একই মঞ্চে রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রী? উত্তরবঙ্গে দ্রৌপদী মুর্মুর মেগা সফর ঘিরে তুঙ্গে জল্পনা

শিলিগুড়ি: রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ির বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে যোগ দেবেন তিনি। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে আরজি কর আবহে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

নজরে উত্তরবঙ্গের আদিবাসী ভোট

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া শাসকদল তৃণমূল। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আদিবাসী ভোট বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করে। রাজনৈতিক মহলের মতে, আদিবাসী সমাজের এই বিশাল সম্মেলনে যোগ দিয়ে জনসংযোগের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না মুখ্যমন্ত্রী। তবে আরজি কর ইস্যুতে রাষ্ট্রপতির কড়া অবস্থান এবং রাজভবনের সঙ্গে নবান্নের বর্তমান সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই মেগা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রস্তুতিতে কোনো খামতি নেই

ফাঁসিদেওয়ার সন্তোষিণী হাইস্কুল মাঠে আয়োজিত এই সম্মেলনে পরিবেশ রক্ষার বার্তা দিতে শাল গাছ রোপণ করবেন রাষ্ট্রপতি। সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাওয়ের। আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানিয়েছেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন।

ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও প্রশাসনিক কর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতির নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি ও ভাষার উন্নয়ন নিয়ে আয়োজিত এই সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব উত্তরবঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *