পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের, শিলিগুড়িতে তুঙ্গে রাজনৈতিক তরজা

শিলিগুড়ির বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা মাংস উদ্ধারের ঘটনায় সরগরম শহর। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দপ্তরের সামনে পুলিশি নিরাপত্তা দেখে ক্ষোভ উগরে দিয়ে কর্তব্যরত পুলিশকর্মীকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে।
অভিযোগ, বচসাকালে বিধায়ক পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “মনে রাখবেন একদিন সরকার চালাব আমি। নিজেকে কী মনে করেন!” শহরে অসামাজিক কার্যকলাপ বাড়লেও পুলিশ নিষ্ক্রিয় থাকে বলে তোপ দাগেন তিনি। বিধায়ক দাবি জানান, শহরজুড়ে নিয়মিত কড়া অভিযান চালাতে হবে, অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তিনি। ইতিপূর্বে দেশবন্ধু পাড়ার এক রেস্তোরাঁ থেকে বাসি খাবার উদ্ধারের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জরিমানাও করা হয়েছিল।
বিজেপি বিধায়কের এই আচরণের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, পুরনিগম নিয়মমাফিক অভিযান চালাচ্ছে এবং সংবাদ শিরোনামে থাকতেই বিধায়ক অহংকারবশত এমন মন্তব্য করছেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের এই ধরনের ‘বেলাগাম’ মন্তব্য নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপাতত এই ঘটনায় শাসক-বিরোধী দু’পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত শিলিগুড়ি।