তুরস্কে হাইওয়েতে ভেঙে পড়ল এফ-১৬ যুদ্ধবিমান, নিহত পাইলট

তুরস্কের বালিকেসির বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইস্তানবুল-ইজমির হাইওয়েতে ভেঙে পড়েছে দেশটির সেনাবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডারের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মহাসড়কের ওপর আছড়ে পড়ে যুদ্ধবিমানটি।
ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে আগুন ধরে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাইলট মেজর ইব্রাহিম বোলাতের। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল এবং বিশেষ উদ্ধারকারী দল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়।
ইতিমধ্যেই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই ওই হাইওয়েতে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সেনাসূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত পাইলটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।