রাজ্যের ৪১ হাজার বুথই এখন ‘টার্গেট’, কেন ধেয়ে আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: বাংলার ভোট মানেই টানটান উত্তেজনা আর স্পর্শকাতরতার হিসেবনিকেশ। এবারের আসন্ন নির্বাচনেও তার ব্যতিক্রম হচ্ছে না। রাজ্যজুড়ে প্রায় অর্ধেক বুথকেই ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
ভোটের আগেই কড়া নজরদারি
এসআইআর প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন চললেও থেমে নেই কমিশনের প্রস্তুতি। জেলাভিত্তিক রিপোর্ট আসার পর দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রায় ৪১ হাজার ৪০০টি বুথকে ‘স্পর্শকাতর’ তকমা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬ হাজার ৮০০টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার মতো সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে এই সংখ্যা সবথেকে বেশি।
আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী
পরিস্থিতি সামাল দিতে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে আগামী রবি বা সোমবারের মধ্যেই রাজ্যে পা রাখছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিক পর্যায়ে এই বিশাল বাহিনীকে মূলত অতি স্পর্শকাতর বুথ সংলগ্ন এলাকাগুলোতে মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর।
পিছিয়ে গেল কমিশনের সফর
নির্ধারিত সূচি অনুযায়ী ১ মার্চ ডেপুটি ইলেকশন কমিশনারসহ আটজন আধিকারিকের বাংলায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ১ মার্চ ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ এবং ৩ মার্চ দোলযাত্রার কারণে রাজ্যের অনুরোধেই এই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের কাজ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে।
কমিশনের এই কড়াকড়ি এবং বিশাল বাহিনী মোতায়েন আসন্ন ভোটে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।