আপনার পিএফ বা পেনশনে সমস্যা? শুক্রবার রাজ্যজুড়ে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ

কলকাতা: প্রভিডেন্ট ফান্ড (PF) বা পেনশন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন? সমাধান মিলছে না? তবে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। আগামীকাল, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। ‘নিধি আপকে নিকট’ অভিযানের মাধ্যমে আপনার ঘরের কাছেই পৌঁছে যাবেন পিএফ দপ্তরের আধিকারিকরা।
ইপিএফও সূত্রে খবর, প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় ক্যাম্প করে গ্রাহক ও পেনশনভোগীদের অভাব-অভিযোগ শোনেন। সেখানেই দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। আগামীকালও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ জেলায় এই শিবির অনুষ্ঠিত হতে চলেছে।
কোথায় কোথায় বসছে ক্যাম্প?
হাওড়া ও হুগলি: হাওড়া রিজিওনাল অফিসের উদ্যোগে উলুবেড়িয়ার মালঞ্চবেড়িয়ায় আইটিসি লিমিটেডের অফিসে এবং হুগলির পোলবা দাদপুরের বিবেকানন্দ বিদ্যাভবনে এই ক্যাম্প হবে।
মেদিনীপুর ও ঝাড়গ্রাম: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে, পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের কাছে দিশা সীমা সেন্টার স্কুলে এবং ঝাড়গ্রামের ঘোড়াধরার অনন্যা রিসেপশন হোম স্টে-তে শিবির বসবে।
উত্তর ২৪ পরগনা ও নদিয়া: ব্যারাকপুর আঞ্চলিক অফিসের অধীনে কৃষ্ণনগরের বিদ্যাসাগর শিশু নিকেতন (ইউনিট টু) এবং বসিরহাটের মৈত্রবাগানে দাস অটো ডিস্ট্রিবিউটরের অফিসে অভিযোগ জানানো যাবে।
উত্তরবঙ্গ: শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় রায়গঞ্জ পুরসভা, বালুরঘাটের জগন্নাথবাটি এসকেইউএস লিমিটেড, কালিম্পংয়ের মেফেয়ার হোটেল এবং মালদহের দিশারি হেলথ পয়েন্টে ক্যাম্প হবে। এছাড়া দার্জিলিংয়ের সানগড টি এস্টেট ও তিনধারিয়ার সিপয়ধুরা টি এস্টেটেও শিবির চলবে।
অন্যান্য জেলা: মুর্শিদাবাদের জঙ্গিপুরে জাহাঙ্গির এন্টারপ্রাইজ, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল প্লান্ট ও আসানসোলের শ্রমা পলি ফ্যাব, পূর্ব বর্ধমানের এইচএমবি ইস্পাত, বাঁকুড়ার সোনামুখী পুরসভা, বীরভূমের হোটেল সাগর এবং পুরুলিয়ার চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এই পরিষেবা মিলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন টি এস্টেট ও ইন্ডাস্ট্রিয়াল সেন্টারেও বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
কলকাতা আঞ্চলিক অফিসের পক্ষ থেকে ক্যাম্পের স্থান এখনও চূড়ান্ত না হলেও, বাকি জেলাগুলিতে প্রস্তুতি তুঙ্গে। পিএফ সংক্রান্ত যেকোনো জটিলতা কাটাতে গ্রাহকদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছে দপ্তর।