দিল্লি বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র জালে কাশ্মীরের আরও ২ জঙ্গি

দিল্লি লালকেল্লা বিস্ফোরণের তিন মাস পর জম্মু-কাশ্মীর থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃত জামির আহমেদ আহাঙ্গার এবং তুফাইল আহমেদ ভাট ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ’ নামক জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। এদের গ্রেফতারির ফলে এই নাশকতামূলক ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
তদন্তকারী সংস্থার দাবি, ধৃতরা মূলত ‘হোয়াইট কলার মডিউলে’র কর্মী হিসেবে কাজ করত। তারা আত্মঘাতী বোমারু উমর উন নবিকে রাইফেল ও পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র জোগান দিয়েছিল। গত ১০ নভেম্বর লালকেল্লার কাছে হওয়া সেই ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাটিয়ালা হাউস কোর্ট ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে।
জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই হামলার নেপথ্যে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগসূত্র মিলেছে। ধৃতরা কেবল দিল্লি বিস্ফোরণ নয়, দেশের একাধিক প্রান্তে নাশকতার ছক ও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে পুরো সন্ত্রাসী নেটওয়ার্কটি উপড়ে ফেলতে তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।