দিল্লি বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে গ্রেফতার আরও ২ অভিযুক্ত, এনআইএ হেফাজতে ধৃতরা

দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ডের তিন মাস পর জম্মু ও কাশ্মীর থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃত জামির আহমেদ আহাঙ্গার ও তুফাইল আহমেদ ভাট জঙ্গি সংগঠন ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ’-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার তাদের দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে আদালত ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয়।
তদন্তকারীদের দাবি, ধৃতরা মূলত ‘হোয়াইট কলার মডিউল’-এর অংশ হিসেবে কাজ করত। তারা এই নাশকতার মূল চক্রী উমর উন নবিকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল। গত বছরের ১০ নভেম্বর দিল্লির ওই ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়, যেখানে আত্মঘাতী বোমারু উমরও নিহত হয়েছিল। এই নিয়ে মামলাটিতে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
সম্প্রতি জাতিসংঘের এক রিপোর্টেও এই হামলার নেপথ্যে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। এনআইএ-র মতে, ধৃত দুই ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক ষড়যন্ত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে এই বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলাই তদন্তকারী আধিকারিকদের প্রধান লক্ষ্য।